⚽ SAFF MEN'S CHAMPIONSHIP 2026
🇧🇩 Bangladesh • Dhaka
🏆 Tournament Starts In
00 Days
00 Hours
00 Minutes
00 Seconds
🇧🇩 Bangladesh Time (BDT) 00:00:00
🇸🇦 Saudi Arabia Time (KSA) 00:00:00

মেসির গোল-এসিস্টে ৩ গোলে এগিয়ে থেকেও হারল মায়ামি

 


ম্যাচের মাত্র ৩৩ মিনিটের মধ্যে তিন গোলের দারুণ লিড-সবকিছু যেন ঠিকঠাকই চলছিল ইন্টার মায়ামির জন্য। নিজেদের নতুন স্টেডিয়ামে প্রথম জয়ের স্বপ্নও তখন হাতের মুঠোয়। কিন্তু শেষ পর্যন্ত সেই ম্যাচই রূপ নিল দুঃস্বপ্নে। অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনে অরল্যান্ডো সিটি ৪-৩ গোলে হারিয়েছে লিওনেল মেসির দলকে।


ম্যাচে শুরুটা ছিল পুরোপুরি মায়ামির দখলে। চতুর্থ মিনিটেই ইয়ান ফ্রের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর মেসির গোল ও অ্যাসিস্টে ৩৩ মিনিটের মধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। নতুন ‘নু স্টেডিয়ামে’ প্রথম জয় তখন সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল।


কিন্তু বিরতির আগেই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় অরল্যান্ডো। ৩৯ মিনিটে মার্টিন ওহেদার গোলে ব্যবধান কমে ৩-১ হয়। এরপর দ্বিতীয়ার্ধে যেন অন্য এক অরল্যান্ডোকে দেখা যায়।


৬৮ মিনিটে আবার গোল করে ব্যবধান ৩-২ করেন ওহেদা।


এরপর ৭৮ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করে ম্যাচে সমতা ফেরান এই আর্জেন্টাইন মিডফিল্ডার। ম্যাচ তখন ৩-৩।


শেষ পর্যন্ত নাটকের চূড়ান্ত দৃশ্যটা আসে যোগ করা সময়ে। টাইরিস স্পাইসারের গোলে ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় অরল্যান্ডো, আর সেই ব্যবধানই ধরে রেখে অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।


মেজর লিগ সকারের ইতিহাসে এটি মাত্র তৃতীয় ঘটনা, যেখানে কোনো দল ৩-০ ব্যবধান থেকে ফিরে এসে জয় পেল।


এর আগে ২০১৭ সালে সিয়াটল সাউন্ডার্স এবং ২০১৮ সালে এলএ গ্যালাক্সি এমন কীর্তি গড়েছিল।


ম্যাচ শেষে হতাশা লুকাতে পারেননি মায়ামি ডিফেন্ডার ইয়ান ফ্রে। তিনি বলেন, ‘আমরা পুরোপুরি ভেঙে পড়েছি। এমনটা আর হওয়া উচিত নয়।’


এই হারে শেষ হলো মায়ামির টানা ১১ ম্যাচের অপরাজিত যাত্রা। নতুন স্টেডিয়ামে টানা চার ম্যাচ খেলেও জয়ের দেখা পেল না দলটি।,


তবে ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল ছিলেন মেসি। এই ম্যাচে গোল করে মায়ামির জার্সিতে নিজের ১০০তম ম্যাচে ৮৬তম গোল পূর্ণ করলেন তিনি।


অন্যদিকে, মৌসুমজুড়ে খারাপ ফর্মে থাকা অরল্যান্ডোর জন্য এটি ছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ম্যাচ। শেষ ১৫ ম্যাচে মাত্র দুই জয় পেয়েছিল দলটি।

Previous Post Next Post